আকবর আলি খানের 'পরার্থপরতার অর্থনীতি' মূলধারার অর্থনীতির বক্তব্যকে বাস্তব জীবনের অর্থনৈতিক সমস্যার আলোকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এই গ্রন্থে লেখকের পনেরটি প্রবন্ধ স্থান পেয়েছে, যার শুরু দানখয়রাতের অর্থনীতি নিয়ে। এরপর রয়েছে দুর্নীতির অর্থনীতি, সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, মেরামত ও পরিচালনার অর্থনীতি, বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের রাজনৈতিক অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের অর্থনীতি সম্পর্কে মনোজ্ঞ বিশ্লেষণ। অর্থনৈতিক অসাম্য, যা অর্থনীতির সবচেয়ে জটিল সমস্যা, তা নিয়েও দুটি নিবন্ধ সংযোজিত হয়েছে। লেখকের দৃষ্টি শুধু বর্তমানেই সীমাবদ্ধ নয়; 'আজি হতে শতবর্ষ পরে' শীর্ষক প্রবন্ধে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতা নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি। অতীতের প্রসঙ্গ এসেছে 'সোনার বাংলা: অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত' এবং 'ভারতীয় অর্থনীতির উত্থান ও পতন' প্রবন্ধে। অর্থনীতিবিদদের নিয়ে তিনটি মূল্যবান রচনাও রয়েছে এখানে, যার মধ্যে 'অর্থনৈতিক মানুষ ও মানুষ হিসাবে অর্থনীতিবিদ' রচনায় দেখানো হয়েছে কীভাবে পূর্বানুমান ও পক্ষপাত অর্থনীতিকে প্রভাবিত করেছে। একটি প্রবন্ধে অর্থনীতির দর্শনের বিবর্তন নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক অর্থনীতিবিদকে তুলনা করেছেন মোল্লা নসরুদ্দীনের সাথে, কারণ মোল্লার গালগল্প ও কৌতুকচুটকির মধ্যেই লুকিয়ে রয়েছে আধুনিক অর্থনীতির অনেক মূল্যবান সূত্র। অর্থনৈতিক সমস্যা এতই জরুরি যে, এর সমাধানের জন্য শুধু অর্থনীতিবিদদের উপর নির্ভর করা বাঞ্ছনীয় নয়—এই বই সাধারণ পাঠকদের অর্থনীতি নামক হতাশাবাদী ও দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে বিতর্কে অংশগ্রহণে উদ্দীপ্ত করবে বলে আশা করা যায়।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 15th Impression, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।